২ কোটি শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে কাল

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:৪১

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে আগামীকাল শনিবার। এ কার্যক্রমের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী দেশের দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাতকানা রোগের হার শতকরা ১ ভাগের নিচেই রয়েছে। আগামীতে এই হার আমরা শূন্যে নামিয়ে আনতে পারব। তিনি আরো বলেন, ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে। শিশুদের ভরাপেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ভালো। জোর করে বা কান্নারত অবস্থায় বা ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এমন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। দুর্গম এলাকায় ক্যাম্পেইন সফল করার জন্য পরবর্তী চারদিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

নিম্নমানের হওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মানের বিষয়ে কোনো অভিযোগ পাবেন না। একাধিকবার ল্যাব টেস্ট করা হয়েছে। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।