দুদকের মামলা লতিফ সিদ্দিকী কারাগারে

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:৪৭

বগুড়ার জেলা জজ আদালতে দুদকের মামলায় হাজিরা দিতে এসে জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে গেলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আদমদীঘি উপজেলায় অবৈধভাবে সরকারি জমি বিক্রি করে সরকারের ক্ষতি করা সংক্রান্ত দুদকের মামলায় আদালত এ আদেশ দেয়। গতকাল বৃহস্পতিবার বগুড়ার জেলা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ নির্দেশ দেন।

দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, এ মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গতকাল জামিন নিতে গেলে আদালত তা নামঞ্জুর করে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি এ মামলায় লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অপর আসামি হলেন জমির ক্রেতা জাহানারা রশিদ। তিনি জামিনে আছেন। মামলার অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। বগুড়া দুদকের আইনজীবী পিপি আবুল কালাম আজাদ জানান, আদমদীঘি উপজেলার দারিয়াপুর এলাকায় বিজেসির একটি ক্রয়কেন্দ্রসহ দুই একর ৩৮ শতক জমি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে তত্কালীন পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী বিনা টেন্ডারে তার পূর্বপরিচিত বগুড়ার জাহানারা রশিদকে লিজ দেন। লিজ প্রদানকালে বাজার মূল্য সরকারি অ্যাসেসমেন্ট অনুযায়ী ৬৪ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা হলেও তিনি ৪০ লাখ ৬৯ হাজার টাকায় লিজপত্র লিখে দেন। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ২৩ লাখ ৪০ হাজার টাকা।

দুদকের বগুড়া শাখার এডি আমিনুল ইসলাম ২০১৭ সালের ১০ অক্টোবর আদমদীঘি থানায় মামলা করেন। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তিনি চার্জশিট দাখিল করেন। তবে আসামিপক্ষের আইনজীবী হেলালুর রহমান বলেন, লতিফ সিদ্দিকী সরকারি সব নির্দেশনা মেনেই জমি বিক্রির সুপারিশ করেছেন। আইনগত সব ধাপও তিনি মেনে চলেছেন।