সোহেল তাজের ভাগনেকে ময়মনসিংহ থেকে উদ্ধার

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:৪৮

নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা এলাকার জামিল অটোরাইস মিলের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর সকাল ৮টার দিকে ডিবি পুলিশের মাধ্যমে তাকে পরিবারের কাছে ঢাকার বনানীর বাসায় পাঠানো হয়। বর্তমানে সৌরভ সোহেল তাজের  বাসায় রয়েছেন। উল্লেখ্য, সৌরভ সাবেক স্বরাষ্ট্র  প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের মামাতো বোনের ছেলে।

গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে অপহরণের অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, সৌরভকে চাকরি দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। একটি কালো পাজেরো গাড়িতে তাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় পরদিন ১০ জুন পাঁচলাইশ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন তার বাবা। তাদের পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা ।

যেভাবে উদ্ধার: গতকাল সকালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন  সংবাদ ব্রিফিংয়ে জানান, ভোর ৫টা ২০ মিনিটের সময় ময়মনসিংহ শেরপুর রুটের তারাকান্দার মধুপুর বটতলা এলাকার জামিল অটোরাইস মিলের সামনে দুর্বৃত্তরা সৌরভকে ফেলে রেখে যায়।  ওই রাইস মিলের কর্মচারী সৌমিক ফোনে সৌরভের পরিবারকে খবর দেয়। পরিবার ঢাকার কাউন্টার টেরোরিজম কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে তারাকান্দা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে সৌরভকে উদ্ধার করে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসে। সৌরভ সম্পূর্ণ সুস্থ আছেন।

সোহেল তাজের সন্তোষ প্রকাশ সৌরভকে উদ্ধারের পর সন্তুষ্টি প্রকাশ করে সোহালে তাজ ঢাকায় সাংবাদিকদের বলেন, আমাদের সঙ্গে এমনটা হয়েছে। কেউ নিখোঁজ হলে তার পরিবারের ওপর দিয়ে কী অবস্থা যায়, আমরা জানি। এই মানসিক যন্ত্রণা কোনো মানুষের জন্য কাম্য হতে পারে না। এমনটা যেন আর কোনো পরিবারের সঙ্গে না ঘটে। এতদিন ধরে একটা অনিশ্চয়তার ওপর ভর করে অপেক্ষা করতে হয়েছে সৌরভের পরিবারকে। এটা একটা বিষাক্ত অনুভূতি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে এক ফেসবুক লাইভেও তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে সৌরভের বাবা-মাকে নিয়ে একটি সংবাদ সম্মেলনে সোহেল তাজ এক লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে, গত ১৬ মে তারিখে আরো একবার চোখ বেঁধে ঢাকার বনানীর এক বন্ধুর বাসা থেকে সৌরভকে তুলে নিয়ে যাওয়ায় হয়েছিল।  ২৪ ঘণ্টা পর একটি ফরমে সই নিয়ে ফেরতও দিয়ে যাওয়া হয়।