রোহিঙ্গা সমস্যার জন্য জাতিসংঘেরও দায় আছে :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:৫২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সমস্যার জন্য জাতিসংঘেরও দায় আছে। রাখাইনে বহু বছর ধরে জাতিগত নিপীড়ন চলেছে। কিন্তু জাতিসংঘ এ নিয়ে সজাগ ছিল না। তারা অনেক কিছু গোপন রেখেছে এবং নিশ্চয়ই তারা এর জন্য দায়ী। গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) জেনেভা কনভেনশনের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস (আইসিআরসি) এবং ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এই সেমিনারের আয়োজন করে।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের পদ্ধতিগত ভুল ছিল বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, এই দুর্ঘটনা একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে হিংসা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে। জাতিসংঘ সেই বিষয়ে সজাগ হয়নি। বিশ্ব থেকে সংঘাত দূর করতে মানসিকতা তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জাতিসংঘ সেটাতে বিশ্বাস করে, কিন্তু সেই অনুপাতে কাজ করে না। মন্ত্রী বলেন, দুর্ঘটনা হওয়ার পর জাতিসংঘ কিছু বক্তব্য দিয়েছে, কিন্তু এর বেশিরভাগ বাংলাদেশের জন্য। যেখানে তাদের কাজ করার দরকার, সেখানে তাদের অবস্থান দুর্বল।

সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে মানবতা লঙ্ঘন যেন না হতে পারে, সে জন্যই জেনেভা কনভেনশন হয়েছিল। সিরিয়া, সুদান, ইয়েমেনসহ বিশ্বের নানা স্থানে যুদ্ধ চলছে। সেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে। মিয়ানমারের রাখাইনেও মানবতা লঙ্ঘিত হচ্ছে। তবে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। মিয়ানমারে যারা নিরীহ লোক, যারা যুদ্ধে কোনোভাবেই জড়িত নয়, তাদের মানবিকতা লঙ্ঘিত হচ্ছে বলে জানান তিনি।

সেমিনারে আরো বক্তব্য রাখেন আইসিআরসির বাংলাদেশ হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলনভ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন, ডিকাব সভাপতি রাহীদ এজাজ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব প্রমুখ।