মাকে হত্যার পর মেয়েকে ধর্ষণ

আদালতে জবানবন্দি মূল আসামির

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:৫২

নওগাঁর মান্দায় মাকে হত্যার পর মেয়েকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় আটক সামিউল ওরফে সাগর (২২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত বুধবার বিকেলে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম সাগরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আদালতে আসামি জবানবন্দিতে যে সব তথ্য দিয়েছে, তা তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে। তবে গত মঙ্গলবার আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পুলিশের কাছে হত্যা ও ধর্ষণ করার কথা স্বীকার করেছে। তাই আদালতের কাছে রিমান্ড আবেদন করা হয়নি। জবানবন্দি শেষে সামিউল ওরফে সাগরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। গ্রেফতারকৃত সাগর উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকশ্যামরা গ্রামের জান মোহাম্মদের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।