কানাডায় বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০ মে, ট্রুডোর শুভেচ্ছাবার্তা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫:০০

আগামী ২০ মে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৩। এবার নিয়ে ষষ্ঠবারের মতো বাংলাদেশ ফেস্টিভ্যালের প্রস্তুতি চলছে।

ওই দিন ‘টরন্টো প্যাভিলিয়নে’ উৎসবের উদ্বোধন করবেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান।

ইতোমধ্যে প্রতিবছরের মতো এবারও ফেস্টিভ্যালের সাফল্য কামনা করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

জাস্টিন ট্রুডো শুভেচ্ছাবার্তা। ছবি: ইত্তেফাক

ফেস্টিভ্যালের পক্ষে সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন, বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে থাকবে ভিন্নতা। বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাতো থাকছেই। তবে এখনো তা চূড়ান্ত হয়নি। পাশাপশি কানাডা এবং আমেরিকার ভিন্ন শহরের গুণী শিল্পীদের পরিবেশনা এবার ভিন্নমাত্রা যোগ করবে। প্রতিবারের মতো এবারও কানাডার মূলধারার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা আলোকিত করবেন ফেস্টিভ্যাল মঞ্চ।

২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চম বাংলাদেশ ফেস্টিভ্যাল। করোনার কারণে তিন বছর স্থগিত ছিল।

ইত্তেফাক/আরএজে