খুলনায় মো. রাফি ইসলাম (২৫) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচোরা থানার ডেসটিনির পরিত্যক্ত মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাফি সাতক্ষীরার তালা উপজেলার শুকদেবপুর তেঁতুলিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তিনি নগরীর দৌলতপুর এলাকায় বসবাস করত।
লবণচরা থানার ওসি এনামুল হক বলেন, স্থানীয়রা দুপুর আড়াইটার দিকে ডেসটিনির পরিত্যক্ত মাঠে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে রাফি যে ইজিবাইক চালাতো সেটির খোঁজ পাওয়া যায়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, রাফি পেশায় ইজিবাইক। রোববার রাতে ছদ্মবেশী যাত্রীরা তাকে নগরীর লবণচরা থানা এলাকার নির্জন জায়গায় নিয়ে আসে। পরে তাকে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, নিহত রাফির মাথায় ভারি বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখ, নাক ও বুকেও লোহার রডের আঘাত ও খোচানোর চিহ্ন রয়েছে। প্রথমে তার পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। নিহতের ইজিবাইক উদ্ধার ও ঘাতকদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

