ঝুঁকি নিয়ে শেষ সম্বল রক্ষার আপ্রাণ চেষ্টা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১২:৫০

রাজধানীর বঙ্গবাজারের আগুন লাগার পর জীবনের ঝুঁকি নিয়েই আশপাশের দোকানপাটের মালামালও সরিয়ে ফেলা হচ্ছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার পর থেকে এ পরিস্থিতি দেখতে পাওয়া যায়।

বঙ্গবাজারের সামনে ইসলামিয়া মার্কেটে। সেই মার্কেটের এম এন কালেকশনের মালিক মো. মাহবুব বলেন, যেখানে আগুন লেগেছে, সেখান থেকে আমাদের দোকানে হেঁটে আসতে ১০ থকে ১২ মিনিট লাগে। আগুন ছড়িয়ে পড়ায় আমরাও মালামাল সরিয়ে ফেলছি।

তিনি বলেন, প্রথমে ভাবছিলাম আগুন নিভে যাবে। এখন দেখি বাড়ছে আর বাড়ছে। আগে জানলে আগেই মাল সরিয়ে ফেলতাম। এখন ভ্যানে মাল আনতেছি আর সরাচ্ছি।

মাহবুবের মতো অনেকেই আনন্দবাজারের পুরাতন সেক্রেটারি রোডে মালামাল এনে রাখছেন। আগুনে বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বঙ্গবাজারে আগুন লাগার পরপরই এনেক্সকো টাওয়ার থেকে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেওয়া শুরু করেন। ভবনের কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। 

অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে শেষ সম্বলটুকু রক্ষা করার চেষ্টা তাদের। ভবনে প্রবেশ করে মালপত্র বস্তায় বেঁধে সরাতে দেখা যায় তাদের।

জানতে চাইলে ব্যবসায়ী মতিন জানান, আগুনে সব শেষ করে দিলো। ঝুঁকি হলেও অন্তত কিছু রক্ষা করতে হবে। আমরা পথে নেমে গেলাম।

ইত্তেফাক/কেকে