আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। এই টেস্টে বাংলাদেশের একাদশে থাকা মমিনুল হকের এখন অপেক্ষা ১৯ রানের।
টাইগারদের হয়ে এই টেস্টে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯ রান করতে পারলেই মিরপুরের ভেন্যুতে চতুর্থ ব্যাটার হিসেবে ১ হাজার রান পূর্ণ করবেন মমিনুল হক।
মিরপুরের হোম অব ক্রিকেটে ১৪ টেস্ট খেলে ২৫ ইনিংসে ৩ সেঞ্চুরি আর ৫ হাফ-সেঞ্চুরিতে ৯৮১ রান আছে সাবেক এই টেস্ট অধিনায়ক।
মমিনুলের আগে বাংলাদেশের হয়ে মিরপুরের ভেন্যুতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিক ২৩ টেস্টের ৪১ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ৭ হাফ-সেঞ্চুরিতে ১৫৩৫ রান করেছেন মিরপুরে। বর্তমান অধিনায়ক সাকিব ২০ টেস্টের ৩৭ ইনিংসে ১ সেঞ্চুরি ও ১১ হাফ-সেঞ্চুরিতে ১৪৯৬ রান করেছেন। আর ওয়ানডে অধিনায়ক তামিম ১৯ টেস্টের ৩৫ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৯ হাফ-সেঞ্চুরিতে ১২৬০ রান করেছেন।

