টঙ্গীর দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুলের সামনে ভাইস্থা ফারুক (২৫) নামে এক সন্ত্রাসীর ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। দুই দল সন্ত্রাসীর পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত ফারুকের বাসা গাজীপুরের বোর্ড বাজার হারিকেন এলাকায়। তার বাবার নাম আবদুল মালেক।
স্থানীয় লোকজন জানান, ভাইস্থা ফারুক ৪ কিলোমিটার দূরবর্তী হারিকেন এলাকা থেকে টঙ্গীর দত্তপাড়ায় এসে স্থানীয় সন্ত্রাসীদের সাথে মিলে মাস্তানি করে বেড়াতো। ছিনতাই করে মানুষের সর্বস্ব লুটে নিতো। ভয়ভীতি দেখাতো নিরীহ মানুষদের। কোনো কোনো সময় চাঁদার দাবিতে বাড়ি ঘরেও হামলা চালাতো এই সন্ত্রাসী। সে নিজেকে পুলিশের সোর্স বলে পরিচয় দিত। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। টঙ্গী থানার ওসি কামাল হোসেন জানান, এসআই সোহরাব হোসেন আহত সন্ত্রাসী ফারুককে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।
