প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ সংসদকে জানিয়েছেন, এ বছরেই অভিবাসন প্রক্রিয়া অটোমোশনের আওতায় আনা হবে। গতকাল বৃহস্পতিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা হবে। এর জন্য ডাটাবেজ হালনাগাদসহ অভিবাসন প্রক্রিয়ার আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিবাসনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে যাবে। যা এ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।
কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহম্মদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, অভিবাসনে পিছিয়ে পড়া জেলাগুলোকে অভিবাসনে উত্সাহিত করতে প্রতিটি উপজেলা থেকে বছরে গড়ে এক হাজার কর্মী বিদেশে পাঠানোর কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বাণিজ্য ঘাটতি
নারায়ণগঞ্জ-৩ আসনের জাপার এমপি লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংসদকে জানান, ২০১৭-১৮ অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ১৬ হাজার ২৮৪ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার।
