বরখাস্ত অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২১ জুন ২০১৯, ০০:০৪

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে রাজধানীর এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্ত অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক। গত বছর তিনি অবসরে যান। কলেজের প্রায় ৫০ কোটি টাকা নিজ হিসাবে রাখাসহ বিভিন্ন অপরাধে ২০১৩ সালে তাকে বরখাস্ত করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

দুদক সূত্র জানায়, ২০১৭ সালের ৭ জুন সেলিম ভুঁইয়ার কাছে সম্পদ বিবরণী নোটিশ জারি করে দুদক। ওই বছরের ৪ জুলাই তিনি কমিশনের সচিব বরাবর সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে দুদক প্রমাণ পায় যে, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি এক কোটি ৯৭ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন এবং এক কোটি ৩১ লাখ ১১ হাজার ৮৮৩ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উত্স-বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।