সাকিব আল হাসান জানিয়ে দিয়েছেন, এবারের আইপিএলে খেলবেন না তিনি। তাতে আইপিএলের শুরুতেই একটা ধাক্কা লেগেছে কলকাতা নাইট রাইডার্সে। ফ্র্যাঞ্চাইজিটি এখন হন্যে হয়ে খুঁজছে সাকিবের বিকল্প। এলোমেলো এই পরিস্থিতিতে আরও বড় ধাক্কা লাগলো কেকেআরে। ২০২৩ সালের আইপিএল শেষ হয়ে গেছে কালকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের।
গতকালই (সোমবার) আইপিএল না খেলার সিদ্ধান্ত কলকাতাকে জানিয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট ও ব্যক্তিগত ব্যস্ততায় জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না বাংলাদেশি অলরাউন্ডার। সাকিবের মতো খেলোয়াড়ের বদলি খুঁজতে সংগ্রাম করতে হচ্ছে তাদের। কাকে দিয়ে অলরাউন্ডার কোটা পূরণ করা যাবে, এ নিয়ে দফায় দফায় নাকি বৈঠক চলছে কেকেআরে। এর মাঝেই এলো শ্রেয়াসের ছিটকে যাওয়ার দুঃসংবাদ।
ইনজুরি আগে থেকেই ছিল ভারতীয় ব্যাটারের। জানা গিয়েছিল, পিঠের চোটে আইপিএলের অর্ধেকটা মিস করবেন তিনি। তবে ক্রিকইনফোর খবর, গোটা আইপিএলই শেষ হয়ে গেছে শ্রেয়াসের। পিঠে অস্ত্রোপচার প্রয়োজন তার। এজন্য যাচ্ছেন দেশের বাইরে। ধারণা করা হচ্ছে, তিন মাস মাঠের বাইরে থাকতে হবে শ্রেয়াসকে। তাতে আইপিএল তো বটেই, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও মিস করবেন এই ব্যাটার।
পিঠের চোট অনেক দিন থেকেই ভোগাচ্ছে শ্রেয়াসকে। সেই বাংলাদেশ সফর থেকে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজও মিস করেছিলেন। খেলতে পারেননি অস্ট্রেলিয়া টেস্টের শুরুতেও। পরবর্তীতে বোর্ডার-গাভাস্কার সিরিজে ফিরলেও শেষ টেস্টে ব্যাটই করতে পারেননি পিঠের সমস্যায়। ফলে অস্ত্রোপচারই এখন চূড়ান্ত সমাধান।
স্বভাবতই শেষ হয়ে গেছে শ্রেয়াসের ২০২৩ সালের আইপিএল। যদিও কলকাতার প্রত্যাশা ছিল, মৌসুমের মাঝপথে তাদের নিয়মিত অধিনায়ককে পাওয়া যাবে। কিন্তু সেটি আর হচ্ছে না। শ্রেয়াস না থাকায় নতুন অধিনায়ক নিতিশ রানার অধীনেই আপাতত শিরোপা লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স।
