জঙ্গি ছিনতাই: মামলার প্রতিবেদন আবারও পেছালো

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৩:২০

ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালী থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে ১৫ মে ঠিক করেছেন আদালত।

বুধবার (৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের এ দিন ঠিক করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আবুল কালাম আজাদ প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ঠিক করেন।

২০ নভেম্বর দুপুরে ঢাকার জজ আদালতের সামনে থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

ছিনিয়ে নেওয়া দুই আসামি হলো- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।

এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে মামলা করেন।

ইত্তেফাক/কেকে