নগর সংস্কৃতি

চিরায়ত বাংলার নৃত্যনাট্য দিয়ে শুরু আন্তর্জাতিক নাট্যোত্সব

আপডেট : ২১ জুন ২০১৯, ০০:২২

সাত দেশের নাটকের দলের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে সাত দিনের আন্তর্জাতিক নাট্যোত্সব। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি এ উত্সবে অংশ নিচ্ছে ফ্রান্স, রাশিয়া, চীন, ভিয়েতনাম, ভারত ও নেপালের নাট্যদল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোত্সবের সঙ্গে যুক্ত রয়েছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট—আইটিআই বাংলাদেশ কেন্দ্র এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন। সবগুলো নাটক মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমিতে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উত্সবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইটিআই বিশ্বকেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী এবং ভারতের খ্যাতিমান নাট্যনির্দেশক রতন থিয়াম। সংস্কৃতিসচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ছিল মনোমুগ্ধকর নৃত্যনাট্য পরিবেশনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গীতিনাট্য ‘মায়ার খেলা’ মঞ্চস্থ করে বাংলাদেশের ধৃতি নর্তনালয়। পরিবেশনাটির নির্দেশনায় দিয়েছেন ওয়ার্দা রিহাব। অমর ও শান্তা এ গীতিনাটকের দুই প্রধান চরিত্র। প্রমদার চরিত্রে রূপ দিয়েছেন ওয়ার্দা রিহাব। শান্তা চরিত্রে ফারা সাওয়ার এবং অমর চরিত্রে রূপ দেন বাবরুল আলম চৌধুরী। এছাড়া অন্যান্য চরিত্রে রূপ দেন এস এম হাসান ইশতিয়াক, প্রান্তিক দেব, অনিন্দিতা, রুহি, পুষ্পিতা, জয়া, প্রতীতি, প্রিয়তি প্রমুখ।

আজ শুক্রবার ফ্রান্সের থিয়েটার দ্য ভিদে লুসান এবং ইয়ং ভিক লন্ডন ‘ও মাই সুইট ল্যান্ড’ এবং ভারতের কোরাস রেপার্টারি থিয়েটার ‘ম্যাকবেথ’ মঞ্চস্থ করবে। কাল শনিবার বাংলাদেশের অন্বেষা থিয়েটার ‘জয়তুন বিবির পালা’, রবিবার চীনের জোহো থিয়েটার ‘এফ সিকে’, সোমবার নেপালের মান্ডালা থিয়েটার ‘ঝিয়ালঞ্চা’, মঙ্গলবার ভিয়েতনামের লে নক থিয়েটার ‘কিম তু’ এবং বুধবার সমাপনী দিনে রাশিয়ার নিকোলাই জাইকভ থিয়েটার ‘লাইট পাপেট শো’ মঞ্চস্থ করবে। এর পাশাপাশি রবিবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘আন্তর্জাতিক, জাতীয় ও ব্রাত্যজনীন থিয়েটারের পারস্পরিক বিনিময়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।