দিনশেষে সাকিবের ইচ্ছার কথা জানালেন পাপন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২০:৩৫

২০১০ সালের কথা। ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। যা টেস্টে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি। এর ৯ বছর পর তামিমের সেই রেকর্ডে ভাগ বসান সৌম্য সরকার। তামিম-সৌম্যের সেই রেকর্ড ভাঙতে চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সেই ইচ্ছার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে জানিয়েছিলেন সাকিব। আর দিনশেষে সেটি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি প্রধান।  

যদিও সাকিবের ইচ্ছা পূরণ হয়নি। বুধবার (৫ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে  ৯৪ বলে ৮৭ রানের মারমুখি ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ফলে আক্ষেপ হয়ে থাকলো ১৩ রান। 

দ্বিতীয় দিনের খেলা শেষে পাপন গণমাধ্যমকে বলেন, "আমি সকালে এসেছিলাম তাড়াহুড়ো করে দুটি সেঞ্চুরি দেখতে। একটি হলো আরেকটি ফসকে গেল। আমাকে আগেই সাকিব বলছিল যে ও দ্রুততম সেঞ্চুরি করবে। আমি ওকে বলেছিলাম, 'এসব চলবে না, আগে ফিফটি করো। তাড়াহুড়া করো না।' ও ভালো খেলেছে কিন্তু সেঞ্চুরিটা হলো না। ১৩ রান দূরে থেকে গেল।"

নাজমুল হাসান পাপন।

এরপর সেঞ্চুরি পাওয়া মুশফিকুর রহিমের প্রশংসা করে পাপন আরও বলেন, ‘আমি সব সময় বলে এসেছি, মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান। মাঝে কিছুদিন রান পায়নি। তবে আমি সব সময় বিশ্বাস করতাম যে, সে রানে ফিরবে। ওয়ানডের পর টেস্টেও সেঞ্চুরি করল। ওর ওপর আমাদের এই আস্থাটা আছে।’

 

 

ইত্তেফাক/জেডএইচ