সিনেমা স্টাইলে বাজার দখল: চেয়ারম্যানের সেই গুলিবিদ্ধ ছেলের মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২০:২৪

বন্দরে বাজার দখলে নিতে পিজা শামীম বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ সাবেক চেয়ারম্যানের ছেলে মঈনুল হক পারভেজ চিকিৎসাধীন অবস্থায় ১৯ দিন পর মারা গেছেন। হাসপাতাল থেকে বুধবার (৫ এপ্রিল) ভোরে ফেরাজিকান্দা নিজ বাড়িতে আনার পর তার মৃত্যু হয়। 

নিহত মঈনুল হক পারভেজ নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম রাইছুল হকের ছেলে। 

গত ১৬ মার্চ দুপুরে ফেরাজীকান্দা এলাকায় বাজার দখলে নিতে শহরের সন্ত্রাসী পিজা শামীমের নেতৃত্বে হোন্ডা বাহিনী এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে জমির মালিক মঈনুল হক পারভেজ (৪২) গুলিবিদ্ধ হয়। এ সময় সন্ত্রাসীদের দারালো অস্ত্রের আঘাতে তার স্ত্রী সুমা আক্তার (৩০) ও বৃদ্ধা মা মাফুজা বেগম (৫৮) গুরুতর আহত হয়েছিলেন। 

নিহত পারভেজের মা মাফুজা বেগম জানান, আমাদের নিজস্ব সম্পত্তি দখলে নিতে এসে ওইদিন কিছু বুঝে উঠার আগেই গুলিতে আহত হয়ে লুটে পড়ে আমার ছেলে পারভেজ। ফিল্ম স্টাইলে রাস্তা থেকে গুলি ছুড়তে ছুড়তে বাসায় ঢুকে পিজা শামীমের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী। ঘটনার ১৯ দিন পর আমার ছেলের মৃত্যু হয়। কিন্তু এখন পর্যন্ত সন্ত্রাসী পিজা শামীমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, পারভেজ মারা গেছে শুনেছি। তবে কি কারণে মৃত্যু হয়েছে জানি না। পরিবারের পক্ষে কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

ইত্তেফাক/পিও