প্রতিষ্ঠানে ইউনিয়ন গঠন করার কারণে চাকরিচ্যুত করার অভিযোগে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের আইটি প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের বিরুদ্ধে দুই কর্মী দুইটি মামলা করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। গত বুধবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে এই দুইটি মামলা করেন গ্রামীণ কমিউনিকেশন্সের কর্মচারী বদরুল আলম ও জিল্লুর রহমান।
মামলার বিষয়টি তারা সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তারা গ্রামীণ কমিউনিকেশন্সের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। এর মধ্যে বদরুল আলম প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশন্সের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও জিল্লুর রহমান সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বদরুল আলম ও জিল্লুর রহমান বলেন, ‘আসামিরা আমাদের চাকরিচ্যুত করে আইন অনুযায়ী অপরাধ করেছেন। আমরা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছি এবং তাদের আইন অনুযায়ী শাস্তি প্রদানের দাবি করছি।’ মামলায় আসামি করা হয়েছে গ্রামীণ কমিউনিকেশন্স, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন।
