বিদ্যালয় কমিটির বিরুদ্ধে অনিয়ম-অসদাচরণের অভিযোগ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২১:৫৫

মানিকগঞ্জের শিবালয়ে ষাইটঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক-কর্মচারী, ছাত্র-অভিভাবকসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার ষাইটঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম শিক্ষক-কর্মচারীদের নামে প্রায়শই কারণ দর্শানোর নোটিশ ও করে আসছেন। তিনি শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও তাদের নানা হুমকি করছেন। এতে, শিক্ষক-কর্মচারীরা মানসিক চাপের মধ্যে সময় অতিবাহিত করছে। স্থানীয় মন্ত্রী-এমপির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন হুমকি দিয়ে মমিনুল শিক্ষক-কর্মচারীদের হেনস্তা করে চলেছে। এর প্রতিকার চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিত আবেদন করেছে ভুক্তভোগী শিক্ষক-কর্মচারী। 

অভিযোগে আরও বলা হয়, মমিনুল ইসলাম শিক্ষার্থীদের বনভোজনের তহবিল, এসএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস ফি, ভর্তি ফরম বিক্রিসহ অন্যান্য খাতের ৩ লাখ ৩০ হাজার টাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতোয়ার রহমানের কাছ থেকে জোরপূর্বক আত্মসাৎ করেছে। শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সভাপতির এমন আচরণে ও বিদ্যালয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। 

অভিযুক্ত মমিনুল ইসলাম বলেন, এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও