রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রে অনিয়মের তদন্ত রিপোর্টের পর ব্যবস্থা

আপডেট : ২১ জুন ২০১৯, ০০:২৩

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘আমার মন্ত্রণালয়ের কিছু অনাকাঙ্ক্ষিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। ঐ কমিটির রিপোর্টের ভিত্তিতে ৬২ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রে অনিয়মের বিষয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল বৃহস্পতিবার সংসদে  ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

নিজ মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনাকাঙ্ক্ষিত তদবিরের প্রশ্রয় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন পূর্তমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন, তা বাস্তবায়ন করা হবে। আবাসন সংকট সমাধানে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অদূর ভবিষ্যতে একজন মানুষও গৃহহীন থাকবে না। দেশের দারিদ্র্য ও ছিন্নমূল মানুষের জন্য চারটি বিশেষ উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, বিনা টাকায় গৃহের ব্যবস্থা করা হবে, ২৫ বছরের ভাড়ায় আবাসনের মালিক হবেন।