কোচের সঙ্গে পরিকল্পনা করে সাকিবকে ফেরান ম্যাকব্রাইন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১১:০৪

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান একমাত্র টেস্টে টাইগার দলে খেলছেন পঞ্চপাণ্ডবের তিন খেলোয়াড়। বর্তমানে পঞ্চপাণ্ডবের মধ্যে জাতীয় দলে রয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। আইরিশদের বিপক্ষে রিয়াদ বাদে খেলছেন তিন জন। আর বাংলাদেশের বিপক্ষে কোনো দল খেলতে এলেই তাদের টার্গেট হয় দলের এই সেরা খেলোয়াড়রা। কারণ তাদের ব্যর্থ করে ফেরাতে পারলেই জয়ের প্রত্যাশা কিছুটা উজ্জ্বল করতে পারে প্রতিপক্ষ। আইরিশদের লক্ষও যে এটার ব্যতিক্রম ছিল না সেটা মোটামোটি পরিষ্কারই দেখা যাচ্ছিল।

গতকাল বুধবার (৫ এপ্রিল) দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আইরিশদের পক্ষ থেকে এসেছিলেন বোলার স্পিন বোলার এন্ডি ম্যাকব্রাইন। বাংলাদেশের বিপক্ষে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী। মাত্র ১১৮ দিয়ে তিনি তুলে নিয়েছেন ৬ উইকেট যার মধ্যে রয়েছেন তামিম, সাকিব এবং মুশফিক। প্রথম দিনের শেষ বলে তামিমকে ফিরিয়ে টাইগারদের কিছুটা চাপের মুখে ফেলে দেন তিনি। তবে দ্বিতীয় দিন সাকিব-মুশফিকের ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ে সে চাপ কাটিয়ে তোলে বাংলাদেশ। সম্ভাবনা ছিল এই দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরি হওয়ারও। কিন্তু ম্যাকব্রাইন তাতে বাধা দেয়। আর খেলা শেষে এসে জানান সাকিবকে আউট করার রহস্যও।

বুধবার সাকিবকে আউট করা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ম্যাকব্রাইন বললেন, ‘লাঞ্চের সময় নাথানের (হরিজ, স্পিন বোলিং কোচ) সঙ্গে কথা বলেছিলাম। লাঞ্চের পর সাকিবকে বাইরে বল করার পরিকল্পনা ছিল, সেটি কাজে দিয়েছে। এরপর সবকিছু সরল রাখতে চেয়েছি। উইকেট ব্যবহার করে সময় নিতে চেয়েছি, তাহলেই তো সুযোগ আসবে।’

এদিকে সাকিব-মুশফিকের জুটি ভাঙার পরই রানের চাকা কিছুটা থেমে যায় টাইগারদের। আর শেষে তো তিন উইকেট নিয়েই বাংলাদেশকে দ্বিতীয় দিনে অলআউট করে ম্যাকব্রাইন। তবে টাইগারদের আটকে লাভ হয়নি তেমন একটা শেষবেলায় ব্যাট করতে নেমে নিজেরাও ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় রয়েছে। দিন শেষে অপরাজিত রয়েছেন দুই ব্যাটসম্যান পিটার মুর ও হ্যারি টেক্টর।

ইত্তেফাক/এসএস