সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিকে বেআইনি বলে জানিয়েছে ব্রিটেনের একটি আপিল আদালত। এসব অস্ত্র সৌদি আরব ইয়েমেন যুদ্ধে ব্যবহার করছে উল্লেখ করে গতকাল আদালত এই রুল জারি করে। সরকারের অস্ত্র বিক্রির বিরুদ্ধে ক্যাম্পেইন অ্যাগেইনস্ট দ্য আর্মস ট্রেডের (সিএএটি) দায়ের করা এক মামলায় রুল জারি করা হয়। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সিনেটে সৌদি আরবে অস্ত্র বিক্রির বিরুদ্ধে ভোটাভুটি হওয়ার কথা। খবর আল-জাজিরা ও রয়টার্সের
সিএএটির দাবি, যুক্তরাজ্যের যুদ্ধবিমান ও বোমা ব্যবহার করে ইয়েমেনে বেসামরিক নাগরিক হত্যা করা হচ্ছে এবং আন্তর্জাতিক আইন লংঘিত হচ্ছে। এর আগে ২০১৭ সালে একবার ব্রিটিশ সরকারের পক্ষে রায় দিয়েছিল দেশটির উচ্চ আদালত। ইয়েমেন যুদ্ধ থেকে নতুন করে তথ্যপ্রমাণ হাজির করে ওই রায় চ্যালেঞ্জ করা হলে বৃহস্পতিবার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রুল দেয় আপিল আদালত। এই রুলের কারণে এখনই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির লাইসেন্স বাতিল হচ্ছে না। তবে এই রুলকে বিশাল জয় বলে দাবি করেছেন সিএএটির গবেষণা সমন্বয়ক স্যাম পারলো ফ্রিম্যান। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নেও একই প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, অস্ত্র বিক্রির বিরুদ্ধে অনেক সচেতনতা তৈরি হয়েছে। ২০১৫ সাল থেকে ইয়েমেন যুদ্ধ শুরু হয়। এই সময়ে ব্রিটেন সৌদি আরবে ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। এদিকে কংগ্রেসকে উপেক্ষা করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই সিদ্ধান্ত বাতিলে ভোটাভুটি করার প্রক্রিয়া শুরু করেছে মার্কিন সিনেট। বৃহস্পতিবারই ভোটাভুটি হওয়ার কথা।
