ব্যারেন বিপ্লবের ৩৩তম বার্ষিকী উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ খেলাফত আন্দোলন (বিকেএ)। বুধবার ( ৫ এপ্রিল) ঢাকার বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত নেতারা, পূর্ব তুর্কিস্তানের অবৈধ দখল এবং উইঘুর মুসলমানদের ওপর নৃশংসতার জন্য চীনের নিন্দা করেন।
এছাড়া সম্মেলনে উপস্থিত বিক্ষোভকারীরা পূর্ব তুর্কিস্তানে হান চীনাদের বিষয় নিয়েও আলোচনা করেন এবং চীনা সরকারকে এ ধরনের উগ্রতা বন্ধ করার। একই সঙ্গে উইঘুর মুসলমানদের সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
একইভাবে ইসলামী প্রগতিশীল জনতা ফ্রন্ট, এ দিনকে স্মরণ করে ঢাকার পুরানা পল্টন এলাকার বাংলাদেশ ফটো জার্নালিস্ট মিলনায়তনে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। এতে নিজাম-ই-ইসলামের মাওলানা আবদুর রশিদ মজুমদার, বিকেএ’র মাওলানা আবু জাফর কাশেমী, বাংলাদেশ জমিয়াতে উলামা ইসলামের মাওলানা শহিদুল ইসলাম, আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের উপদেষ্টা মাওলানা কবিরুল ইসলাম এবং বাংলাদেশ হেফাজতে ইসলামের ঢাকা শহরের সেক্রেটারি জেনারেল, মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া যোগ দেন। তারা সবাই উইঘুর মুসলমানদের ওপর চীনা বর্বরতার কথা তুলে ধরেন।
তাছাড়া বাংলাদেশ মোহাজির ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (বিএমডব্লিউডিসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। তারা চীনা দূতাবাসে একটি স্মারকলিপিও প্রদান করেন।
এছাড়া উইঘুর মুসলমানদের ওপর অত্যাচারের বিষয় তুলে ধরতে জাতীয় প্রেসক্লাবের সামনে পথনাটকের আয়োজন করে ওপেন ডায়ালগ বাংলাদেশ। সেইসঙ্গে উইঘুর মুসলমানদের দুর্দশার কথা তুলে ধরে ব্যানার ও পোস্টার প্রদর্শন করেন তারা।
রাজধানীর বাইরে ব্যারেন বিপ্লব স্মরণে প্রতিবাদ করা হয়।
গাজীপুরের সচেতন নাগরিক সমাজ উইঘুর মুসলমানদের ওপর নৃশংসতা ও গণহত্যার বিষয় তুলে ধরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদে সচেতন নাগরিকেরা একাত্মতা প্রকাশ করে। দ্বিচারিতা প্রদর্শনের জন্য চীনের নিন্দা করে তারা।
চট্টগ্রাম প্রেসক্লাবে চীনা বর্বরতার বিষয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (বিআইএফ)। এসময় বিআইএফ’র চেয়ারম্যান, মাওলানা এম এ মতিন চীনের জিনজিয়াং প্রদেশে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনের সমালোচনা করেন। মুসলিম উম্মাহকে চীনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ জানানোর এবং বাংলাদেশের মানুষদের চীনকে বয়কট করার আহ্বান জানান।
রংপুর প্রেসক্লাবের কাছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে প্রতিবাদসভা ও আলোচনাসভার আয়োজন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। রংপুরের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. মুরাদ কাউসারসহ প্রতিবাদ অনুষ্ঠানে প্রায় ৩০০ মানুষ উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা চীনকে বিশ্বের সবেচেয়ে বড় নিপীড়ক রাষ্ট্র হিসেবে অভিহিত করে।
ব্যারেন বিপ্লব স্মরণে, খুলনায় এনজিও "আলোকিত ফাউন্ডেশন" এবং "সম্মিলিত সামাজিক আন্দোলন" মানববন্ধন এবং মিছিলের আয়োজন করে। ইমাম এবং মাওলানাসহ এ মানববন্ধনে সাধারণ বিক্ষোভকারীরা অংশ নেন।
ইত্তেফাক/আরএজে
