পরিবেশের জন্য ক্ষতিকর ডিডিটি পাউডার ধ্বংস করতে পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ নামে একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এতে সহায়তা দিচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)। এজন্য এফএও-র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং এফএও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রবার্ট ডি স্যাম্পসন। প্রকল্পটিতে মোট খরচ হবে ৩৫৫ কোটি টাকা। এর মধ্যে জিইএফ দেবে ৭০ কোটি ১০ লাখ টাকা এবং এফএও দিচ্ছে ৬৬ কোটি ২৫ লাখ টাকা। বাকি ২১৮ কোটি ৬৫ লাখ টাকা সরকারি অর্থায়নে খরচ করা হবে।
