মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুর খবর বিশ্বের অধিকাংশ দেশের পত্রপত্রিকা ও মিডিয়াগুলো গুরুত্বের সঙ্গে প্রচার করলেও সাবেক এই ইসলামপন্থি প্রেসিডেন্টের মৃত্যুর খবর মিশরের দৈনিকগুলোতে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। বরং ভেতরের পাতায় ছোট করে ছাপানো হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনগুলোতেও মুরসির কথা তেমন একটা উল্লেখ করা হয়নি। তিনি যে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট, তা উল্লেখের বদলে তাঁর পূর্ণাঙ্গ নাম উচ্চারণ করা হয়েছে। খুবই ছোট করে, আরবিতে মাত্র ৪২ শব্দে মুরসির মৃত্যুর খবর প্রচার করেছে মিশরীয় পত্রিকা, রেডিও ও টেলিভিশন। তাতে বলা হয়েছে, গুপ্তচরবৃত্তির মামলায় বিচার চলাকালে মোহাম্মদ মুরসি মৃত্যুবরণ করেছেন। তিনি আদালতে কথা বলতে চাইলে অনুমোদন দেওয়া হয়। কিন্তু আদালতের কার্যক্রম স্থগিত হওয়ার পর তিনি মূর্ছা যান এবং পরে মারা গেছেন। তাঁর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
