শেরপুরের শ্রীবরদীতে মায়ের জন্য পান আনতে গিয়ে জসিম (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার হাঁসধরা গ্রামের ধান ক্ষেত নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুদ (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।
নিহত জসিম হাঁসধরা গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার ইফতারের পর জসিমের মা জবেদা বেগম তাকে পান আনতে পাঠায়। পরে জসিম তার ভাইয়ের ভ্যান নিয়ে পান আনতে বাজারে যায়। কিন্তু গভীর রাত হলেও জসিম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এদিকে বুধবার রাতেই বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ শ্রীবরদী বাজারের একটি ডেকোরেটরের কাছে ভ্যান বিক্রি করতে যায়। তাদের সন্দেহ হলে তারা মাসুদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভ্যান চুরির কথা স্বীকার করে। পরে মাসুদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার হাঁসধার গ্রামের বিলের ধান ক্ষেতের পাশ থেকে জসিমের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
জসিমের মা জবেদা বেগম বলেন, ইফতারের পর আমার ছেলেকে পান আনতে পাঠিয়েছিলাম। সে আর বাড়ি ফিরেনি। তাকে যারা খুন করেছে তাদের ফাঁসি চাই।
শ্রীবরদী থানার ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
