ডোনাল্ডও জানেন না সাকিব কেন বোলিং কম করছেন!

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১২:২৬

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানই বাংলাদেশের সেরা বোলিং অস্ত্র। তিনি বল হাতে নিলেই আস্থা বাড়ে। আশা জাগে উইকেট প্রাপ্তির। কিন্তু কেন জানি, সেই সাকিব আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটাতে বল করতেই চাচ্ছেন না। প্রথম ইনিংসে বল করেছেন মাত্র ৩ ওভার। সেটাও ইনিংসের একেবারে শেষের দিকে। দ্বিতীয় ইনিংসে দলের অতি প্রয়োজনের মুখেও কাল সাকিব বল তেমন করেননি। এ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ১৩ ওভার বোলিং করেছেন।

সাকিব কেন এত কম বোলিং করছেন? এই প্রশ্নটা প্রথম ইনিংস শেষেও উঠেছিল। প্রথম দিনের শেষে সংবাদ সম্মেলনে তাইজুল ইসলামকে সরাসরিই প্রশ্নটা করা হয়। তাইজুল জানান, তিনি জানেন না সাকিব কেন কম বোলিং করছেন। কাকতালীয়ভাবে, গতকাল বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও ঠিক একই উত্তর দিলেন। তিনিও জানেন না, সাকিব কেন এত কম বোলিং করছেন!

তাইজুলের ঘুর্ণিতে প্রথম ইনিংসে আইরিশরা ২১৪ রানে অলআউট হওয়ায় সাকিবের কম বোলিং করার বিষয়টি বড় হয়ে দেখা দেয়নি। কিন্তু দ্বিতীয় ইনিংসে, বিশেষ করে গতকাল  আইরিশ ব্যাটসম্যানরা উইকেটে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করায় বোলার সাকিবের কথা বারবার মনে পড়েছে। কিন্তু সাকিব নিজে বোলিং তেমন আসেননি। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার বোলিং করলেও গতকাল তৃতীয় দিনে তিনি বোলিং করেছেন মাত্র ৬ ওভার। বাকি ৭ ওভার বোলিং করেছিলেন দ্বিতীয় দিনে।

তিনি নিজেই অধিনায়ক। কাজেই কাকে কখন বোলিং করাবেন, সেই সিদ্ধান্ত তারই। কাজেই নিজের সিদ্ধান্তেই তিনি বোলিং কম করছেন। কিন্তু কেন? গতকাল সারাটা দিন আইরিশ ব্যাটসম্যানদের দাপট বারবারই মনে করিয়ে দিয়েছে বোলার সাকিবকে। কিন্তু তিনি বল হাতে নেননি। অন্যদের দিয়েই আইরিশদের জুটি ভাঙার চেষ্টা করে গেছেন। কাল দিন শেষে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ডোনাল্ডকে সরাসরিই সাকিবের বল না করার বিষয়ে প্রশ্ন করা হয়। উত্তরে ডোনাল্ড বলেছেন, ‘আমাকে স্বীকার করতেই হবে, এই বিষয়ে আমি কিছু জানি না। তাকে (সাকিবকে) দেখে তো ফিটই মনে হয়েছে। কয়েকবার অবশ্য বাইরে গিয়েছে, তবে তা বাথরুম বিরতির জন্য। আসলে আমি ঠিক জানি না। সে হয়তো কাজ করার জন্য অন্যদের সুযোগ দিতে চেয়েছে। আমি সত্যিই জানি না, সে আজকে কেন বেশি বোলিং করেনি।

দ্বিতীয় দিনের শেষ বিকালে সাকিব নিজেই বোলিং উদ্বোধন করেন। তাতে সফলও হন। দ্বিতীয় দিনেই তিনি তুলে নেন ২ উইকেট। সেই সাকিব কাল দলের অতি প্রয়োজনের সময়ও বোলিং করার আগ্রহ দেখাননি। অন্যরা যখন জুটি ভাঙতে পারছিল না, তা দেখেও তাদের দিয়েই চেষ্টা চালিয়ে গেছেন।

কেন সাকিবের বোলিং থেকে নিজেকে এভাবে আড়াল করে রাখা, তা তাইজুল জানেন না। জানেন না ডোনাল্ডও। হয়তো দলের অন্যদের কাজেও সঠিক উত্তর নেই। কারণটা তাই একমাত্র সাকিবই জানেন। কিন্তু তার কাছ থেকে কারণটা জানা যাবে কিভাবে, তিনি তো সংবাদ সম্মেলনে আসেন-ই না!

 

ইত্তেফাক/জেডএইচ