দীর্ঘ ৭৫ ঘণ্টা পর রাজধানীর বঙ্গবাজারের আগুন পুরোপুরি নিভাতে করতে পেরেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৭ এপ্রিল) সংস্থাটির উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
শাহজাহান সিকদার জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় সব প্রক্রিয়া শেষে বঙ্গবাজারের আগুন নির্বাপণ করা গেছে।
আগুন লাগার পর নিরাপত্তার কথা ভেবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ইতিমধ্যে বিদ্যুৎও ফিরতে শুরু করেছে।
গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১ ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সাড়ে ৬ ঘণ্টা চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নেভে। কিন্তু গত তিনদিন পুরোপুরি আগুন নির্বাপণ হয়নি।
আগুনে বঙ্গবাজার এলাকার মোট সাতটি মার্কেট পুড়েছে। এর মধ্যে চারটি পুরোপুরি ও তিনটি আংশিক। মার্কেটগুলো হলো- বঙ্গ ইসলামিয়া মার্কেট, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বঙ্গবাজার মার্কেট, এনেক্সকো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট।
ভয়াবহ এই আগুনে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ৮ জন সহ বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আগুন লাগার কারণ জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ পুলিশ আলাদাভাবে তিনটি তদন্ত কমিটি করেছে, তারা ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করবে।
