মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক। আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার (৭ এপ্রিল) শেষ হওয়া সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৭ ও অপরাজিত ২০ রান করেন মুমিনুল।
এতে মিরপুরের ভেন্যুতে ১৫ টেস্টের ২৭ ইনিংসে তিন সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিতে মুমিনুলের রান এখন ১০১৮। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৯ রান দরকার ছিলো মুমিনুলের। ম্যাচের প্রথম ইনিংসে ১৭ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০ রানের ইনিংস খেলার পথে এ ভেন্যুতে মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার।
মুমিনুলের আগে মিরপুরের ভেন্যুতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মুশফিক ২৪ টেস্টের ৪৩ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ১৭১২ রান, সাকিব ২১ টেস্টের ৩৮ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৮৩ রান এবং তামিম ২০ টেস্টের ৩৭ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১৩১২ রান করেছেন।

