মোটরসাইকেলের বেপরোয়া গতি, স্কুলছাত্রসহ সড়কে নিহত ২

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ২১:২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রসহ দুই বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হচ্ছে জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে আবদুল্লাহ আল-মামুন (১৪) এবং চন্ডিপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)। এদের মধ্যে আবদুল্লাহ আল-মামুন বাগমারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, দুই বন্ধু একটি মোটরসাইকেলে সদর দক্ষিণ উপজেলার রতনপুর হয়ে লালমাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের বেপরোয়া গতির মোটরসাইকেলটি একটি অজ্ঞাত গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। 

লালমাই হাইওয়ে থানার ওসি মোরশেদুল আলম ভূইয়া বলেন, কি গাড়ির পেছনে ধাক্কা খেয়ে ওই দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ দুপুরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/পিও