ভোলার বোরহানউদ্দিনের জমি বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় বড় ভাই নসুকে আটক করছে পুলিশ।
উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বার ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামে মুন্সি বাড়িতে শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ছালেম মুন্সি (৫৫) একই এলাকার মৃত আমির মুন্সির ছেলে এবং পেশায় কৃষক।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক তদন্ত রেজাউল করিম রাজিব।
নিহতের স্ত্রী জয়তুন বেগম বলেন, আমার ভাসুরের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় পর্যায়ে এ নিয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। এর জের ধরে শুক্রবার বিকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নসু মুন্সি, তার ছেলে আব্বাস মুন্সিসহ কয়েকজন আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, রাতেই অভিযান চালিয়ে বড় ভাই নসুকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর অভিযোগে মামলা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
