বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে প্রাচ্যনাটের নাটক ‘অচলায়তন’। নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন প্রণোদনায় প্রাচ্যনাটের ৪২তম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন।
নাটকটি নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম এবং বিভিন্ন চরিত্র অভিনয় করছেন শাহেদ আলী সুজন, সানজিদা প্রীতি, শাহানা রহমান সুমি, তৌফিকুল ইসলাম ইমন, শাখাওয়াত হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, চেতনা রহমান ভাষা প্রমুখ।
গল্পে দেখা যাবে, বহুদিন ধরে চলে আসা প্রথাকে কঠোর নিয়মের আবদ্ধে পালন করতে গিয়ে সময়ের আবর্তনে অচলায়তন বিদ্যায়তনের কোনো পরিবর্তন হয় না। এখানকার বিদ্যার্থীরাও কোনো প্রশ্ন ছাড়াই তাদের ওপর চাপিয়ে দেওয়া যাবতীয় নিয়ম ও অনুশাসন মেনে চলে। অচলায়তনের বাইরের জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, এমনকি যোগাযোগ করার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ পাওয়াটাও তাদের জন্য ‘মহাপাপ’-এর নামান্তর! এই বিদ্যায়তনের দুই শিক্ষার্থী-পঞ্চক ও মহাপঞ্চকতারা ভাই হলেও তাদের জীবন দর্শন বিপরীত।
পঞ্চক বিদ্রোহী মনোভাবসম্পন্ন, যে সকল গতানুগতিকতাকে প্রশ্ন করে এবং অচলায়তনের নিয়মতান্ত্রিকতার ত্রুটিসমূহকে চিহ্নিত করে। অপরদিকে মহাপঞ্চক গতানুগতিক চিন্তাপ্রবাহে অন্ধভাবে বিশ্বাস করে এবং বিদ্যায়তনের সকল নিয়মকেই বিনাপ্রশ্নে অনুসরণ করে। এই দুই ব্যক্তির যে ইচ্ছার দ্বন্দ্ব তা আরও দৃঢ়ভাবে প্রকাশিত হয় যখন অচলায়তনে একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। এরইমধ্যে উপস্থিত হন গুরু বা দাদাঠাকুর।
বাইরের বাস্তব জগৎ ও সেই জগতের মানুষদের সঙ্গে অচলায়তনের বিদ্যার্থীদের পরিচয় ঘটে প্রায় যুদ্ধের ডামাডোলের ভেতর। পুরোনো চিন্তার প্রাচীন দেয়াল ভেঙে পড়ে আর শুরু হয় নতুনের স্পন্দন।

ফেঁসে গেলেন আমিশা প্যাটেল, গ্রেপ্তারি পরোয়ানা