বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৮ এপ্রিল) ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির সভা শেষে এ তথ্য জানানো হয়।
বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন,‘শহীদ চান্দু স্টেডিয়াম ওভাবেই থাকছে এবং বিসিবি টেক ওভার করছে। এখনই কার্যক্রম শুরু হবে। আমাদের অধীনে এনে এটাকে পরিচর্যা করতে হবে আগে। কবে কখন খেলা হেব সেটি পরে নির্ধারণ হবে। আগে আমরা মাঠটা বুঝে পেতে চাই। এরপর খেলা কি হবে কার খেলা হবে এসব গ্রাউন্ডস কমিটি ঠিক করবে।’
বগুড়ায় খেলা আয়োজন নিয়ে নানা সংকটের কথা উঠে আসছে আলোচনার টেবিলে। যাওয়া-আসা থাকা-খাওয়া এসব ব্যাপারেও হচ্ছে কথা। ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘প্রথমত বগুড়াতে এখন হোটেলের সমস্যা নাই। বগুড়াতে এখন যে হোটেল আছে তা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সম্পূর্ণভাবে প্রস্তুত। নতুন যে ধারাগুলো এসেছে সেগুলো নিয়েও আমরা আলাপ করেছি। আগে বগুড়াতে আমরা খেলা পরিচালনা করেছি, বাসে করে যেতে হতো। খুলনা থেকে বাসে করে দুটো দল বগুড়ায় এসে খেলেছে। আজকাল খেলা এত পরিমাণে হচ্ছে যাত্রার সময়টা সংকীর্ণ হয়ে গেছে। তবে এ ব্যাপারেও উনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটা সম্ভব। আমরা এ নিয়ে সরকারের সঙ্গে আলাপ আলোচনা করব।’
বিসিবির আরেক পরিচালক মাহবুব আনাম বলেন, ‘শুধু মাঠ তো না মাঠের অবকাঠামো, ড্রেসিং রুম আছে এগুলো বিসিবি ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খান দেখছেন। অবকাঠামোর মধ্যে ড্রেসিংরুম ছাড়াও ইন্ডোর সুবিধাগুলো ঠিক করতে পারি যেন আন্তর্জাতিক ম্যাচ আবারও আয়োজন করা যায়। আইসিসির কাছে এ জন্য অনুমোদন নিতে হবে পুনরায়।’
আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নে মাহবুব আনাম বলে, ‘অবশ্যই সম্ভব। ঢাকা হতে ট্রাভেল করার যে ব্যাপারটায় জটিলতা রয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। সমাধান করতে পারলে সম্ভব।’
সভায় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন এবং বিসিবি ও ক্রীড়া পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাগেবুল আহসান রিপু মোবাইলে বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বহালের পাশাপাশি কাছাকাছি সময়ে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন এবং খেলোয়াড়দের অনুশীলনের জন্য নতুন একটি ক্রিকেট গ্রাউন্ড নির্মাণে দ্রুত জায়গা দেখতে বলেছে বিসিবি। বিসিবি নিজস্ব অর্থায়নে এ ক্রিকেট গ্রাউন্ড নির্মাণ করবে।’
এর আগে, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বিরোধে চান্দু স্টেডিয়ামের মূল মালিক এনএসসির কাছে স্টেডিয়ামটি হস্তান্তর করে ২ মার্চ চিঠি দেয় বিসিবি।
