আগ্রাবাদ নওজোয়ান চ্যাম্পিয়ন

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১১:৪২

দীর্ঘ ১০ বছর পর আবারো প্রিমিয়ার ক্রিকেট খেলবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। শুক্রবার (৭ এপ্রিল) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেটে ১৪৩ রানের বিশাল ব্যবধানে সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আগ্রাবাদ এলাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ২০১৩ সালে প্রিমিয়ার ক্রিকেট থেকে অবনমন হয়ে প্রথম বিভাগে নেমে গিয়েছিল। 

দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা চালিয়ে এবার চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে। এতে অত্যন্ত আনন্দিত সংগঠনটির সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। দল বহু বছর পর আবারও প্রিমিয়ার ক্রিকেটে যোগ্যতা অর্জন করায় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। 

আগামী মৌসুমে প্রিমিয়ার ক্রিকেটেও ভালো দল গঠন করা হবে এবং ভালো ফলাফলের আশা রাখেন বলেও জানান ওয়াহিদ দুলাল। আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম কামাল উদ্দিনের স্মৃতির উপর উৎসর্গ করা হয় এই চ্যাম্পিয়ন ট্রফি।

এদিকে প্রথম বিভাগ ক্রিকেটে রানার্সআপ হয়েছে কোয়ালিটি স্পোর্টিস ক্লাব। খেলা শেষে স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট গ্রুপের চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলী আব্বাস, সহসভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/এসএস