আয়ারল্যান্ড সিরিজে নতুন মুখ মৃত্যুঞ্জয়, নেই তাসকিন

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৯:০০

আগামী মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। 

রোববার (৯ এপ্রিল) এক বিবৃতিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। ইনজুরির কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তাসকিন। এছাড়া দলে জায়গা হয়নি ব্যাটার আফিফ হোসেনের। 

লিটন দাসকে আইপিএলের জন্য এনওসি দিলেও আয়ারল্যান্ড সিরিজের দলে রেখেছেন নির্বাচকরা। আর তাই কলকাতায় যোগ দিলেও আগামী মাসের শুরুতে আবারও জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যেতে আইপিএল ছাড়তে হবে লিটনকে। 

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৪ মে। 

বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

ইত্তেফাক/জেডএইচ