দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে ঈদের বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ সামনে রেখে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। দোকানিরা যে যার মতো পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নেত্রকোনা: নেত্রকোনায় ঈদের কেনাকাটা পুরোদমে শুরু হয়ে গেছে। নেত্রকোনা শহরের বড় বাজার হচ্ছে আদিকালের ব্যবসাকেন্দ্র। এখানে কাপড়ের দোকান, গার্মেন্টস সামগ্রী, জুতা, শাড়ির বড় বড় দোকান, কসমেটিকসহ বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। এখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। বাজারে পুরুষের চেয়ে নারীদের ভিড় বেশি। জেলা শহরের বাইরে উপজেলা থেকেও ক্রেতারা নেত্রকোনা শহরের বাজারে আসছেন ঈদের কেনাকাটার জন্য। রবিবার বড়বাজারে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকেই ঈদের বাজারের জন্য ভিড়। রাতের বেলায় দোকানগুলো আলাদা আলোর ব্যবস্থাও করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে উদ্ভব না ঘটে, সেজন্য পুলিশ প্রহরারও ব্যবস্থা করা হয়েছে।
রাজারহাট (কুড়িগ্রাম): প্রতিদিন দুপুরের পর বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। মধ্যরাত পর্যন্ত চলতে থাকে বেচা-কেনা। কয়েক জন দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেল নারী ও শিশুদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। রমণীরা এই সুযোগ কাজে লাগিয়ে সংসারের টুকিটাকি দ্রব্য যেমন কসমেটিক, পছন্দের হাঁড়িপাতিল আসবাবপত্র ইত্যাদি কিনছেন।
ভৈরব (কিশোরগঞ্জ): ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ঈদের বাজারে বাড়ছে ক্রেতাদের ভিড়। ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও অভিজাত শপিংমলগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। ফলে প্রতিটি মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের চাপে নিশ্বাস ফেলার সময় পাচ্ছে না বিক্রেতারাও। বিশেষ করে নিউ মার্কেট, ছবিঘর শপিং কমপ্লেক্স, সালাম প্লাজা, ফকির মার্কেট, হকার্স মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেট ঈদ কেনাকাটায় ব্যস্ত ক্রেতা ও বিক্রেতারা।
