সাভারের আশুলিয়ায় ৫ বছরের এক শিশুকে কৌশলে অপহরণের সময় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) বিকালে আশুলিয়া পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।
গ্রেপ্তারকৃত ওই নারীর নাম আলেয়া বেগম (৩৫)। তিনি সাভারের ভাড়ালিয়া গ্রামের আযামু মিয়ার মেয়ে।
জানা যায়, সোমবার বিকালে আশুলিয়া পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকা ওই নারী স্থানীয় চা দোকানদার তোফাজ্জল মোল্লার ছেলে শিশু আসিফ কৌশলে অপহরণ করার চেষ্টা করে। এ সময় শিশুটি যেতে না চাইলে তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে ওই নারী। আশপাশের মানুষ তা দেখে জড়ো হলে সেখানে তোফাজ্জল মোল্লাও এগিয়ে আসেন। এ সময় তিনি দেখতে পান তার ছেলেকেই নিজের ছেলে দাবি করে নিয়ে যেতে চাচ্ছে আলেয়া বেগম নামের ওই নারী। তখন স্থানীয়রা আলেয়াকে আটক করে পুলিশে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল এসে ওই নারীকে আটক করে। এ ঘটনায় তোফাজ্জল মোল্লা বাদী হয়ে মামলা করেছেন।
শিশুটির বাবা তোফাজ্জল মোল্লা বলেন, ‘পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ডে আমার চায়ের দোকান আছে। আমার ছেলে বাসা থেকে বের হয়ে দোকানে আসছিলো। পথে ওই মহিলা আমার ছেলেকে নিজের ছেলে দাবি করে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার ছেলে এই পথে নিয়মিত চলাচল করে, আশপাশের সবাই জানে যে সে আমারই ছেলে। আমার ছেলের বড় বিপদ হওয়ার আগেই ফেরত পেয়েছি।’
আশুলিয়া থানার এসআই সাদরুজ জামান বলেন, ‘আলেয়া বেগম নামের ওই নারীকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ চেষ্টার মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। প্রাথমিকভাবে ওই নারীকে শিশু অপহরণকারী চক্রের সদস্য বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
