ঢাকার ভারতীয় হাই কমিশন ইফতার আয়োজন করেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) এ ইফতার আয়োজন করে হাই কমিশন।
স্বাগত বক্তব্যে হাই কমিশনার প্রণয় ভার্মা মানবতা ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনের ওপর জোর দেন এবং ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত আমাদের বিশেষ ও বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
হাই কমিশনার উল্লেখ করেন, এই ইফতার জমায়েত মানুষে-মানুষে গভীর বন্ধনেরও প্রতীক, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি বিনির্মাণ করে।
এই ইফতার জমায়েত ভ্রাতৃত্বের চেতনাকে উদযাপন করে এবং মানবতা, সহানুভূতি ও অন্তর্ভুক্তির যৌথ মূল্যবোধকে পুনর্ব্যক্ত করে। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী ও ঐতিহাসিক বন্ধন এবং উভয় দেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার সংকল্পও প্রদর্শন করে।
এতে সরকার, আইনসভা, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, ব্যবসায়ীমহল, একাডেমিয়া, মিডিয়া ও সাংস্কৃতিকমহলসহ বাংলাদেশের সর্বস্তরের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
