বাপ্পী-মিতুর ‘শত্রু’র ঝলক

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৭:৪১

ঈদের সিনেমা মুক্তির ধুম পড়েছে। এক এক করে নতুন সিনেমার মুক্তির ঘোষণা আসছে। সেই মিছিলে নতুন সদস্য ‘শত্রু’। সোমবার (১০ এপ্রিল) এর ঘোষণা এসেছে। এক দিন পরই ছাড়া হয়েছে ছবিটির ট্রেলার।

২ মিনিট ২১ সেকেন্ডের সেই ঝলকের সিংহভাগ জুড়ে দেখা গেলো নায়ক বাপ্পী চৌধুরীর দাপট। পুলিশ চরিত্রে মারকাট অ্যাকশন আর নায়কোচিত সংলাপ দিয়েছেন তিনি। তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন জাহারা মিতু। যাকে দেখা গেছে আবেদনময়ী রূপে, মেজাজি সংলাপে।

ট্রেলার থেকে আঁচ করা যায়, এ ছবিতে কেবল পুলিশ-অপরাধীর শত্রুতা নয়, প্রেমিক-প্রেমিকা তথা বাপ্পী ও মিতুর মধ্যেও বিরোধ দেখা যাবে। এর পাশাপাশি দুজনের প্রেমময় রসায়ন তো থাকছেই।

বাপ্পী চৌধুরী বলেছেন, ‘ঈদে ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। ‘শত্রু’ কথা বলবে দেশের, দশের, আদর্শের। ‘শত্রু’র পাশেই থাকুন।’

জাহারা মিতু বলেন, ‘ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে নিশ্চিত। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে হল বুকিংও শুরু হয়ে গেছে। আশা করছি ঈদে আনন্দের সঙ্গে উপভোগের মতো ছবি হতে যাচ্ছে এটি।’

ইত্তেফাক/বিএএফ