২ কারখানা ও ৫ শতাধিক বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিতাসের

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২১:২৮

সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি কারখানা এবং ৫ শতাধিক বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় প্রায় ১ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের পাইপ, চুলা ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। এছাড়া অবৈধ গ্যাস সংযোগের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তারের ভ্রাম্যমাণ আদালত।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র পাইপ দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিলো। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সাভারের হেমায়েতপুর এলাকার চলন্তিকা হাউজিংয়ে অভিযান চালানো হয়। এ সময় হাউজিংটির তত্ত্বাবধায়ক মামুন মিয়ার বাসাসহ অন্তত ৫ শতাধিক বাসা-বাড়িতে দেওয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি দু’টি কারখানায় অবৈধভাবে গ্যাস করায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তার বলেন, ভবিষ্যতেও অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।

ইত্তেফাক/এবি/পিও