বিশ্ব অর্থনীতির টুকিটাকি

আপডেট : ২১ জুন ২০১৯, ১৯:৪৯

প্রতিনিয়তই বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপট। অর্থনীতির ভান্ডারে যোগ হচ্ছে নতুন নতুন তথ্য। এসব

তথ্য ও সম্প্রতি ঘটে যাওয়া অর্থনীতির নানা বিষয় সংক্ষেপে তুলে ধরেছেন— নাঈমা সুলতানা

যুক্তরাষ্ট্র থেকে মুখ ফেরাচ্ছে চীনা পর্যটকরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে চীনের পর্যটকদের আগমন ব্যাপকভাবে কমতে শুরু করেছে। ফলে গত বছরের তুলনায় এবার দেশটিতে চীনা পর্যটক কমেছে পাঁচ শতাংশেরও বেশি। চীনের পর্যটকদের কাছ থেকে বছরে মোট ৩৬ দশমিক দুই বিলিয়ন ডলার বা ৩২ বিলিয়ন ইউরো আয় হতো যুক্তরাষ্ট্রের। ২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে খুব দ্রুত বাড়তে থাকে চীনা পর্যটক। তবে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ প্রবণতা ব্যাপকভাবে কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র বাদ দিয়ে এখন ইউরোপ বা এশিয়ার দেশগুলোতে যাচ্ছে চীনের নাগরিকরা।

যুক্তরাষ্ট্রে এক দশক ধরে মজুরি স্থির

গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি স্থির হয়ে আছে। ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের মজুরি ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলারেই আটকে আছে। সপ্তাহে ৪০ ঘণ্টা ও মজুরিসহ ছুটি নিয়ে ৫২ সপ্তাহ কাজ করা ন্যূনতম মজুরি পাওয়া কর্মীরা বছরে ১৫ হাজার ৮০ ডলার পেয়ে থাকেন। এদিকে দেশটিতে জীবনযাপনের গড়পড়তা ব্যয়ের সঙ্গে দেশটির ন্যূনতম মজুরির পার্থক্য ধীরে ধীরে বাড়ছে বলে মনে করেন গবেষকরা। কারণ যখন যুক্তরাষ্ট্রের ন্যূনতম মজুরি কেন্দ্রীয়ভাবে বৃদ্ধি করা হয়েছিল, তখন থেকে এরই মধ্যে জীবনযাপনের ব্যয় ১৮ শতাংশ বেড়েছে।

 

 

০