গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য যেসব সম্ভাব্য প্রার্থী নগরীর বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগিয়েছিলেন তাদের ১৩ এপ্রিলের মধ্যে স্ব-উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং দেওয়ালে লিখন মুছে ফেলার অনুরোধ জানিয়ে গত ৮ এপ্রিল গণবিজ্ঞপ্তি জারি করেছিলেন নির্বাচনের রিটার্নিং অফিসার।
বৃহস্পতিবারের (১৩ এপ্রিল) মধ্যে নিজ দায়িত্বে এসব অপসারণের জন্য নির্ধারিত সময় অতিবাহিত হলেও কোনো প্রার্থীই ব্যানার, পোস্টার ও বিলবোর্ড অপসারণ করেননি। গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা মোড়, জয়দেবপুর শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃহস্পতিবার দুপুরে শোভা পাচ্ছিল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের রঙ্গিন পোস্টার এবং বিলবোর্ড।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম বলেন, সিটি করপোরেশন (নির্বাচন আচরণবিধি) বিধিমালা, ২০১৬-এর ৫ বিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনো নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। তথাপি গাজীপুর সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে। এ ধরনের কার্যক্রম সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর সুস্পষ্ট লঙ্ঘন। যারা নির্ধারিত তারিখের মধ্যে পোস্টার ও বিলবোর্ড অপসারণ করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
