লিওনেল মেসি ও নেইমারের পিএসজি ক্যারিয়ার নিয়ে সংশয় তৈরি হয়েছে। মৌসুম শেষেই শেষ হয়ে যেতে পারে তাদের পিএসজি ক্যারিয়ার। কিলিয়ান এমবাপ্পেরও কি ক্লাব ছাড়ার সম্ভাবনা আছে? পিএসজি ছেড়ে তিনি কি পাড়ি জমাতে পারেন রিয়াল মাদ্রিদে? এমন সংশয়মিশ্রিত প্রশ্ন উড়িয়ে দিলেন এমবাপ্পে। ফরাসি তারকা বরং অন্তত দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিলেন, ‘আমি একজন প্যারিসিয়ান। পিএসজির সঙ্গে আমার একটা চুক্তি আছে।’
আগামী মৌসুমে অন্তত অন্য কোথায় পাড়ি জমানোর সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন এমবাপ্পে। পাশাপাশি ফ্রান্সের ২৪ বছর বয়সী তারকা একটা প্রতিশ্রুতিও দিয়েছেন। এমবাপ্পের মুখে যে প্রতিশ্রুতির কথা শুনে পিএসজি সমর্থকরা হয়তো খুশিতে গদগদ। এমবাপ্পে যে প্রতিশ্রুতি দিয়েছেন পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের। বলেছেন, যে করেই হোক পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তিনি।
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা-এটা শুধু এমবাপ্পের একার স্বপ্ন নয়, বরং গোটা পিএসজিরই স্বপ্ন এটা। আরো একটু স্পষ্ট করে এই একটি মাত্র স্বপ্নকে কেন্দ্র করেই দলবদলের বাজারে তারকা ফুটবলারদের পেছনে কাড়ি কাড়ি টাকা ঢেলেই যাচ্ছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাকে পাখির চোখ করেই বস্তায় বস্তায় টাকা ঢেলে দলে তারার মেলা বসিয়েছে পিএসজি। কিন্তু মেসি, নেইমার, এমবাপ্পে, সার্জিও রামোস, মারকুইনহোস, মার্কো ভেরাত্তি, আশরাফ হাকিমিদের মতো তারকারা মিলেও পিএসজির সেই স্বপ্নটা পূরণ করতে পারছেন না। এবারও মেসি-এমবাপ্পেদের পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন গুঁড়িয়ে গেছে শেষ ষোলোর রাউন্ডেই।
