সম্প্রতি ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য দেন কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে তার চেয়ে চেয়ে ভালো কেউ খেলেননি বলে মন্তব্য করেন এই ফরাসি স্ট্রাইকার। এবার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এমবাপ্পকে সরাসরি চ্যালেঞ্জই ছুড়ে দিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল।
শিরোপা ও সাফল্যের বিচারে ২০২৬ সালের ব্যালন ডি’অর নিজের প্রাপ্য বলে মন্তব্য করেছেন লামিনে ইয়ামাল। মুভিস্টার প্লাসকে দেয়া সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা বলেন, ‘আমার মতে, এমবাপ্পে আর আমিই এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়। আমি সত্যিই বিশ্বাস করি বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আমরা দুইজনই আছি। আর এই বছর যা যা শিরোপা জিতেছি, সেই বিচারে ব্যালন ডি'অরটা আমারই প্রাপ্য।’
গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেন ইয়ামাল। ক্লাবের হয়ে জেতেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। আর স্পেনের হয়ে ১২ ম্যাচে ১ গোল ও ৩ অ্যাসিস্টে করেন তিনি। সেইসঙ্গে জেতেন পরম আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপার।
এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ফেভারিট ভাবা হচ্ছে হ্যারি কেইনকে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে তিনি ৬৫ ম্যাচে ৭৩ গোল ও ৮ অ্যাসিস্ট করেন। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠায় ছিল তার বড় অবদান।
প্যারিসের বদলে আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের এবারের আয়োজন। এই পুরস্কারের ৭০ বছর পূর্তি উপলক্ষে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ২০১৯ সালের পর থেকে এতদিন নিয়মিতভাবে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে হয়েছে জমকালো অনুষ্ঠানটি।

