কেন পাঞ্জাবের গ্যালারির সামনে প্রীতি জিনতা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ২১:০৪

জয়ের স্বপ্ন দেখা পাঞ্জাব কিংস পারেনি। একটু আগেই হতাশায় মুখ লুকিয়েছেন ভক্তরা। দলটির অন্যতম মালিক প্রীতি জিনতার চোখমুখও ছেয়ে যায় বিষাদের ছায়ায়। কিন্তু পরক্ষণেই অন্যরকম দৃশ্য ফুটে ওঠে মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে। পাঞ্জাবের গ্যালারির সামনে পৌঁছে যান প্রীতি। তাঁর ভালোবাসায় সিক্ত হলেন পাঞ্জাব-ভক্তরা।

সেটা কীভাবে? আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে শেষ ওভারে হেরেছে পাঞ্জাব কিংস। শ্বাসরুদ্ধকর ম্যাচ হারের পর প্রীতি ছুটে যান গ্যালারির কাছে। পাঞ্জাব-ভক্তদের দিয়েছেন ‘বিশেষ উপহার’। গ্যালারির কাছে গিয়ে ভক্তদের জন্য জার্সি ছুড়ে দিয়েছেন। প্রীতির দেওয়া জার্সি পাওয়ার আশায় হাত পেতেছেন সবাই। যার হাতে পড়েছে, সৌভাগ্যবান সেই ভক্তই কেবল পেয়েছেন প্রীতির উপহার।

আইপিএলের শুরু থেকেই আছেন প্রীতি। তার মালিকানায় কিংস ইলেভেন পাঞ্জাব নামে ফ্র্যাঞ্চাইজিটি খেলেছে ২০২০ সাল পর্যন্ত। এরপর ২০২১ সাল থেকে খেলছে পাঞ্জাব কিংস নামে। তারপরও অবশ্য ভাগ্য বদল হয়নি। নাম পাল্টালেও আসেনি আইপিএলের শিরোপা। এখন পর্যন্ত পাঞ্জাবের সেরা সাফল্য ২০১৪ সালের রানার্স-আপ। ওই আসর বাদ দিলে ২০০৮ সালে প্রথম মৌসুমেই কেবল সেমিফাইনালে খেলেছিল পাঞ্জাব। বাকি সব আসরে লিগ পর্বেই শেষ প্রীতির পাঞ্জাবের দৌড়।   

একসময় বলিউড দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী ভীষণ রকম ক্রিকেটপ্রেমী। পাঞ্জাবের চার-ছক্কায় কিংবা উইকেট প্রাপ্তিতে তার আনন্দের প্রকাশ সবসময় বাধভাঙা। কখনও শিশুর মতো করে লাফিয়ে উঠে, কখনো নাচের তালে দলের প্রাপ্তি উদযাপন করেন তিনি।

পাঞ্জাবের প্রায় প্রত্যেক ম্যাচেই গ্যালারিতে খুঁজে পাওয়া যায় প্রীতিকে। গুজরাটের বিপক্ষে ম্যাচের কথাই ধরা যাক। বলিউড ও দক্ষিণী সিনেমার পরিচিত মুখ সনু সুদের সঙ্গে হাজির হয়েছিলেন প্রীতি। প্রায়ই ক্যামেরায় ধরা পড়ছিলেন বলিডউ অভিনেত্রী। গুজরাটের উইকেট পড়লেই প্রীতির উদযাপন। তবে সবচেয়ে বেশি ছিল শুবমান গিলের আউটের সময়। গুজরাট ওপেনার আউট হতেই সনুর সঙ্গে তার সে কী আনন্দ!

তারপরও ম্যাচটি জিততে পারেনি পাঞ্জাব। শিখর ধাওয়ানদের ৮ উইকেটে করা ১৫৩ রান ১ বল আগে পেরিয়ে যায় গুজরাট। ২ বলে ৪ রান দরকার ছিল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের। তবে রাহুল তেয়াতিয়ার স্কুপে এক বল আগেই হিসাব মিলে যায় গুজরাটের।

ওই অবস্থায় থেকে ম্যাচ হারলেও স্পিরিট হারাননি প্রীতি। ঘরের মাঠে দর্শকদের জয় উপহার দিতে না পারলেও জার্সি উপহার দিয়েছেন তিনি। তাতে যদি একটু মন ভালো হয়!

ইত্তেফাক/কেআর/