গত গয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া অন্যসব অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আগামী দুই দিন সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বা সামান্য বাড়তে পারে। তবে বর্ধিত আবহাওয়ার অবস্থা বিবেচনায় পাঁচ দিন শেষে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৮ মিনিট, সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিট।
