নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনা-বিমান-নৌবাহিনী ও বিজিবি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৯:১৪

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সেনাবাহিনীর দলটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‌্যাব, পুলিশ ও বিজিবিকে কাজ করতে দেখা যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণী সাহায্যকারী দল যুক্ত হয়েছে। পাশাপাশি বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। এ ছাড়া নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। 

ইত্তেফাক/কেকে