স্পোর্টস ডেস্ক
নিজের দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই। সে কারণেই কি না, গোটা ম্যাচজুড়েই টেনশনে ছিলেন মাইক হাসি। আর সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের দুশ্চিন্তার কারণ হলো, বাংলাদেশের ব্যাটিং।
শেষ অবধি মোটামুটি বড় ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিং-এর পর সেঞ্চুরি করেও দ্বাদশ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার এড়াতে পারেননি উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ওয়ার্নারের ১৬৬ রানের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে মুশফিকের অপরাজিত ১০২ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান করে বাংলাদেশ। ফলে ৪৮ রানে ম্যাচ হারে বাংলাদেশ। এই জয়ে ৬ খেলা শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল অস্ট্রেলিয়া। সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানেই থাকল বাংলাদেশ।
ম্যাচ শেষে ‘মিস্টার ক্রিকেট’ খ্যাত মাইক হাসি বাংলাদেশের ব্যাটিং সামর্থ্যের প্রশংসা করেন। হাসির মতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যাটিং এখন সমমানের। তিনি ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশ কখনোই হাল ছেড়ে দেয়নি। তারা কঠিন লড়াই করেছে। আর আমার কাছে নিশ্চিতভাবেই মনে হয়েছে, কিছু কিছু সময়ে অস্ট্রেলিয়ানরা চিন্তায়ও পড়ে গিয়েছিল। আপনি যদি দুটি দলকে পাশাপাশি রাখেন, তাহলে দেখবেন, বাংলাদেশের ব্যাটিং এতটাই উন্নতি করেছে যে, সেটা প্রায় অস্ট্রেলিয়ার সমমানের হয়ে গেছে। তবে দুদলের মূল পার্থক্যের জায়গাটা হলো বোলিংয়ে।’
বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাঠে নেমে তিনটিতেই তিনশোর্ধ্ব রান করেছে বাংলাদেশ। হাসির বিশ্বাস ব্যাটিংয়ের মতো বোলিং বিভাগে উন্নতি করতে পারলে, শিগগিরই বড় দলের পর্যায়ে নাম লেখাতে পারবে বাংলাদেশ। হাসি বলেন, ‘বাংলাদেশ যদি বোলিংয়ে আরো বেশি মনোযোগ দিতে পারে, আগামী কয়েক বছরের এই জায়গাটায় আরো উন্নতি করতে পারে, কয়েকজন বিস্ময়কর স্পিনার ও গতিময় পেসার খুঁজে বের করতে পারে, আমি বিশ্বাস করি যে, তারা বিশ্ব র?্যাংকিংয়ের সেরাদের কাতারে উঠতে পারবে।’
হাসি মনে করেন, গুরুত্বপূর্ণ ম্যাচটাতে বাংলাদেশ যেভাবে রান তাড়া করছিল, তাতে ম্যাচ শেষে ফলাফল থেকে সন্তুষ্টই থাকা উচিত অ্যারন ফিঞ্চের দলের। তিনি বলেন, ‘দিন শেষে অস্ট্রেলিয়ার খুশি থাকারই কথা। তবে তাদের পুরোটা সময় লড়াই করতে হয়েছে। বাংলাদেশ যেভাবে এত বড় লক্ষ্যের পেছনে ছুটছিল, সেজন্য তাদের প্রতি আমার অভিবাদন রইল। এটা একটা বিশাল লক্ষ্য ছিল। তবে তারা নিজেদের অবস্থানটা বোঝাতে পেরেছে।’
পয়েন্ট তালিকার শীর্ষস্থানধারী দল অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলা মোটামুটি নিশ্চিত। ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে তারা। আগামী ২৫ জুন, মঙ্গলবার তারা লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সাথে। এর আগের দিন মানে ২৪ জুন বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
