লারা-শচিনদের চাপে ফেলছেন বিরাট

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:১৭

আজ মুখোমুখি ভারত-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

নিত্য নতুন রেকর্ড ভাঙাকে যেন একেবারেই সহজ ব্যাপার বানিয়ে ফেলেছেন বিরাট কোহলি। আজ শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগেও আরেকটা রেকর্ডের দুয়ারে দাঁড়িয়ে আছেন ভারতের এই অধিনায়ক।

আর মাত্র ১০৪ রান করতে পারলেই ক্রিকেট বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে তিনি পৌঁছে যাবেন ২০ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে। এখন অবধি ১৩১টি টেস্ট ইনিংস, ২২২টি ওয়ানডে ইনিংস ও ৬২টি টি-টোয়েন্টি ইনিংস— মানে মোট ৪১৫টি আন্তর্জাতিক ইনিংস খেলেছেন কোহলি। রান করেছেন ১৯,৮৯৬।

এই রেকর্ডের মালিক এখন যৌথভাবে ক্রিকেটের দুই কিংবদন্তি— শচিন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। দুজনই ৪৫৩টি ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন। ফলে বলাই বাহুল্য যে, আজ হোক, কিংবা অন্য কোনোদিন  বিরাট কোহলিই এই রেকর্ডটা ভেঙে ফেলবেন। এখন অবধি চলতি বিশ্বকাপে একবারও সেঞ্চুরির দেখা পাননি। কে জানে, আজ আফগানিস্তানের সাথেই হয়তো এই আক্ষেপটা ঘুঁচে যাবে।

সেঞ্চুরি না পেলেও অবশ্য এই বিশ্বকাপে ইংল্যান্ডের কন্ডিশনে দারুণ ফর্মে আছেন ভারতীয় অধিনায়ক। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৮ রান করলেও বাকি ম্যাচগুলোতে জ্বলেছে তার ব্যাট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ ও পাকিস্তানের বিপক্ষে ৭৭ রান করেন তিনি। এই বিশ্বকাপেই দ্রুততম সময়ে ১১ হাজার ওয়ানডে রান করে তিনি ছাড়িয়ে গেছেন লিটল মাস্টার খ্যাত শচিনকে। বোঝাই যাচ্ছে, কেন চলতি সময়ের সেরা ব্যাটসম্যান বলা হয় বিরাটকে!

মঙ্গলবারের ম্যাচে আফগানিস্তান স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারে। পাঁচ ম্যাচের সবগুলোতে হেরে এখন তারা পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের অবস্থানে আছে। বিশ্বকাপের শেষ চারে ওঠার কোনো পথই আর খোলা নেই তাদের সামনে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই নয় ওভারে ১১০ রান হজম করে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান।

তিনি এখন ভারতের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে আছেন। জানালেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তিনি ভুলে গেছেন। বললেন, ‘আমি আসলে সেই ম্যাচ নিয়ে খুব বেশি কিছু ভাবছি না। মানুষ আসলে ১০টা ভালো দিনের কথা ভুলে যায়। বাজে একটা দিনের কথাই মনে রাখে। কেউ মনে রাখেনি যে, আমি এর আগের ১০টা দিন কি করেছি।

তরুণ এই লেগস্পিনার সমালোচনা মাথায় না নিলেও ভুলগুলো থেকে শিক্ষা নিতে চান। বললেন, ‘আমি ভুলগুলোর দিকে নজর রাখছি। সে ম্যাচে আমি যা করেছি, সেটা যেন ভবিষ্যতে আর না হয়, সেটাই এখন আমার লক্ষ্য। এখন আর সমালোচনা নিয়ে মাথা ঘামালে চলবে না। যত সহজ করে ভাবা যায়, ততই মঙ্গল।’