বড় বড় মার্কেটে আগুন লাগছে বিষয়টা সন্দেহের: পরিকল্পনা মন্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৪:৫৭

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বড় বড় মার্কেটে আগুন লাগছে বিষয়টা সন্দেহের। 

তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। এই শান্তিপূর্ণ দেশে একের পর এক বড় বড় মার্কেটে আগুন লাগছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আসলে সন্দেহের বিষয়।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সুনামগঞ্জের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ আক্রান্ত রোগীদের মাঝে টাকা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, এদেশে একটি গোষ্টীর আগুন সন্ত্রাস করার ইতিহাস আছে। তাদের ভাষা গণতান্ত্রিকভাবে গ্রহণ যোগ্য নয়। তারা ধমক দিয়ে আগুণ সন্ত্রাসের ভয় দেখিয়ে সরকার বদলাতে চায়। মার্কেটগুলোতে আগুন লাগার পেছনে তাদের হাত রয়েছে কিনা খতিয়ে দেখা হবে।

এম এ মান্নান বলেন, এপ্রিল মাসে দেশে সব কিছুর দাম বাড়লেও আগামী মে মাস থেকে নিত্যপণ্যের দাম কমবে আসবে। কারণ মে মাসে হাওরের সম্পূর্ণ ধান ঘরে উঠে যাবে। ধান চালের দামটাই মূল্যস্ফীতির প্রদান কারণ। ধান ঘরে উঠে গেলে আশা করি মে সব কিছুর দাম কমে যাবে।

টাকা বিতরণ অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএজে